চট্টগ্রাম শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ

ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৮ মার্চ, ২০২৬ | ৭:৫৫ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে দেশে সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

 

আজ শনিবার (২৮ মার্চ) প্রতিষ্ঠানটির সচিব শাহিনা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। এর প্রেক্ষিতে দেশব্যাপী বিদ্যমান ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পগুলোতে সঠিকভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম নিশ্চিতে বিপিএসির অধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

 

নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা থেকে প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে। আর এই কার্যক্রম শেষ হবে বিকেল ৩টায়। যদিও আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল নিতে পারতেন ডিলাররা।

 

বিপিসির নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অধীনস্থ ৩টি বিপণন কোম্পানি- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

 

এদিকে দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অন্যদিকে জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারাদেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট