চট্টগ্রাম শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ডাম্পার জব্দ, আটক ৩

বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ডাম্পার জব্দ, আটক ৩

বাঁশখালী সংবাদদাতা

২৮ মার্চ, ২০২৬ | ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু ও ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

 

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা থেকে শুরু করে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে তিনটি ডাম্পার ট্রাকসহ তিন চালককে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

ভিযান সূত্রে জানা যায়, উপজেলার সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দীঘিরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অনুমতি ছাড়া বালু পরিবহনের সময় নেজাম উদ্দীন (৪০) নামে এক ডাম্পার চালককে আটক করা হয়। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

একই দিন বিকেলে খানখানাবাদ ইউনিয়নের চাঁপাছড়ি দরগা পুকুরপাড় এলাকায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের সময় আজম খান (২৪) নামে এক চালককে আটক করা হয়। তিনি চাঁপাছড়ি গ্রামের জাকের আহমদের ছেলে। এছাড়া ছনুয়া ইউনিয়নের পশ্চিম প্রেমবাজার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে আটক করা হয় মো. আকাশ (৩২) নামে অন্য এক চালককে, তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন জানান, অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে তিন ডাম্পার চালককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরও জানান, বাঁশখালীতে এ ধরনের অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট