
কক্সবাজারের প্রবীণ সাংবাদিক এবং দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
জানা গেছে, সাংবাদিক এইচ এম এরশাদ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি আঞ্চলিকে দেশসেরা পত্রিকা ‘দৈনিক পূর্বকোণ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় দৈনিক ‘জনকণ্ঠ’’র কক্সবাজার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কক্সবাজার জেলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
কেবল লেখনীতেই নয়, মাঠপর্যায়েও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। কক্সবাজারের সমুদ্রসৈকত রক্ষা, পাহাড় নিধন রোধ এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকটে তিনি পরিবেশবাদী সংগঠনগুলোর মাধ্যমে জোরালো ভূমিকা রেখে গেছেন। তাঁর বস্তুনিষ্ঠ প্রতিবেদনগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণী মহলে বহুবার প্রশংসিত হয়েছে।
জ্যেষ্ঠ এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনগুলোর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
পারিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার আছরের নামাজের পর কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পূর্বকোণ/এরফান/এএইচ