
মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর ‘ইরান সমর্থিত হ্যাকারদের’ একটি দল ইন্টারনেটে প্যাটেলের বেশ কিছু ছবি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র প্রকাশ করে দিয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) এই সাইবার হামলার দায় স্বীকার করেছে ‘হানদালা হ্যাক টিম’ নামের একটি গ্রুপ।
তারা জানিয়েছে, প্যাটেল এখন তাদের সফলভাবে হ্যাক করা ব্যক্তিদের তালিকায়। অনলাইনে ফাঁস করা নথিপত্রের মধ্যে প্যাটেলের পুরনো কিছু ব্যক্তিগত ছবি এবং তার আগের একটি জীবনবৃত্তান্তের (CV) কপিও রয়েছে।
মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, প্যাটেলের ইমেইল হ্যাক করা হয়েছে এবং অনলাইনে প্রকাশিত তথ্যগুলো সঠিক বলেই মনে হচ্ছে।
হ্যাকাররা বার্তায় লিখেছে, ‘‘এফবিআই-এর তথাকথিত ‘অভেদ্য’ নিরাপত্তা ব্যবস্থাকে আমাদের দল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। কাশ প্যাটেলের ইমেইল, নথিপত্র, কথোপকথন এমনকি গোপন ফাইলসহ সব ব্যক্তিগত তথ্য এখন জনসাধারণের ডাউনলোডের জন্য উন্মুক্ত।’’
গ্রুপটি দাবি করেছে, এফবিআই অত্যন্ত ‘গর্বের সঙ্গে’ তাদের ডোমেইনগুলো জব্দ করার এবং তাদের সদস্যদের সম্পর্কে তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। তারা প্রশ্ন তুলেছে, ‘‘এই কি সেই নিরাপত্তা ব্যবস্থা যা নিয়ে মার্কিন সরকার বড়াই করে?’’
পশ্চিমী গবেষকদের মতে, ‘হানদালা’ নিজেদের ফিলিস্তিনপন্থী হ্যাকার হিসেবে দাবি করলেও এটি মূলত ইরান সরকারের সাইবার গোয়েন্দা ইউনিটের একটি ছদ্মনাম। গত ১১ মার্চ মিশিগানভিত্তিক মেডিকেল ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘স্ট্রাইকার’ হ্যাক করার দায়ও স্বীকার করেছিল এই গ্রুপটি।
ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স ফার্ম ‘ডিস্ট্রিক্ট ফোর ল্যাবস’-এর তথ্য অনুযায়ী, হ্যাকাররা যে জিমেইল অ্যাকাউন্টটি ভাঙার দাবি করেছে তা প্যাটেলের পূর্ববর্তী ডেটা ব্রিচের তথ্যের সঙ্গে মিলে যায়। হ্যাকারদের আপলোড করা নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যকার ব্যক্তিগত ও পেশাগত বেশ কিছু চিঠিপত্র রয়েছে। সূত্র: ডি ইনডিপেনডেন্ট
পূর্বকোণ/পারভেজ