চট্টগ্রাম শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২৬ | ৬:২৮ অপরাহ্ণ

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। আজ শুক্রবার শীতল নিবাসে প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।

 

বালেন্দ্র শাহর এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল আড়ম্বরপূর্ণ। নেপালের ইতিহাসে এই প্রথম মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন।

 

পেশায় র‍্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন। সে সময় ঐতিহ্যবাহী দলগুলোর প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি।

গত ৫ মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বালেন্দ্র শাহ। নির্বাচনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে তাঁর নিজের দুর্গ হিসেবে পরিচিত এ আসনে পরাজিত করে বড় জয় পান তিনি।

 

বালেন্দ্র শাহর শপথের পর প্রেসিডেন্ট আরও ১৪ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। নতুন এই মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও আরএসপির ভাইস চেয়ারম্যান ড. স্বর্নিম ওয়াগলে। জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা সুদান গুরুং পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিশির কানালকে। এ ছাড়া খড়কা রাজ (গণেশ) পৌডেল সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল এবং দীপক সাহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী হয়েছেন শস্মিত পোখরেল। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিক্রম তিমিলসিনা। কেন্দ্রীয় ও ভূমি ব্যবস্থাপনামন্ত্রী হয়েছেন সাবেক সাংবাদিক প্রতিভা রাওয়াল। শক্তি ও সেচমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিরাজ ভক্ত শ্রেষ্ঠ। কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গীতা চৌধুরী। আইন ও সংসদবিষয়ক মন্ত্রী হয়েছেন সবিতা গৌতম।

 

এ ছাড়া সিতা বদি মহিলা ও শিশুবিষয়ক এবং সুনীল লামসালকে গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশা মেহতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট