
চট্টগ্রামের হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের মদুনাহাটস্থ জামতল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ মোহাম্মদ সাকিব (২৪) নামে এক ওমান প্রবাসী যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা এগারটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী সাকিব ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চন নগর এলাকার মনার বাড়ির রফিকুল আলমের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দশদিন পূর্বে তার দাদির মৃত্যুজনিত কারণে সাকিব ওমান থেকে নিজ দেশে এসেছিলেন।
জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে সাকিব তার মামাতো ভাই ইমরুল কায়েসের সঙ্গে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরস্থ এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে মদুনাহাটস্থ জামতল এলাকা অতিক্রম করার সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে সাকিব মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ