চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য

অনলাইন ডেস্ক

২৬ মার্চ, ২০২৬ | ১:৩৪ অপরাহ্ণ

ভোরে আলো ফোটার আগে উত্তর কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধের শান্ত প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে মানুষের পদচারণায়, যারা কেবল ফুল নয়, হৃদয়ের গভীর শ্রদ্ধা নিয়ে হাজির হয়েছিলেন স্বাধীনতার দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ২৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম।

দিনের শুরুতেই শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এরপর শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।

বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণটি সর্বস্তরের মানুষের সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজ পায়। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি অনুষ্ঠানস্থলে এক অন্যরকম আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পাশাপাশি পুরো এলাকায় বর্ণিল সাজে সাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট