চট্টগ্রাম বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় আগুনে পুড়ল ৪ বসতঘর

আনোয়ারায় আগুনে পুড়ল ৪ বসতঘর

আনোয়ারা সংবাদদাতা

২৫ মার্চ, ২০২৬ | ৪:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামে নুরুজ্জামান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- শারীরিক প্রতিবন্ধী মো. শাহেদ, তার দুই ভাই নুর আমিন ও নুর আজিজ এবং মো. হান্নান। তাদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুটি গরু পুড়ে মারা যায় এবং বসতঘরের সব মালামাল ভস্মীভূত হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি শিশু রান্নাঘরে চুলায় কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

 

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আনোয়ারা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সরু রাস্তার কারণে পানিবাহী একটি গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। পরে অন্য ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ক্ষতিগ্রস্ত মো. শাহেদ বলেন, হঠাৎ আগুন দেখে আমি হতভম্ব হয়ে যাই। প্রতিবেশীরা আমাকে বের করে আনলেও ঘরের কিছুই বাঁচাতে পারিনি।

অন্যদিকে মো. হান্নান জানান, কৃষিকাজ করছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ। আগুনে আমার নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে গেছে।

 

নুর আজিজের স্ত্রী সুমি আক্তার বলেন, ঈদের জন্য বাচ্চাদের কাপড় কিনেছিলাম। কিছুই বের করতে পারিনি। এখন পরনের কাপড়টুকুও মানুষের দেয়া। ক্ষতিগ্রস্তদের ভাষ্য, আগুনে সবকিছু পুড়ে গেলেও ঘরের ভেতরে থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত ছিল যা এলাকাবাসীর মাঝে বিস্ময়ের সৃষ্টি করেছে।

 

ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট