চট্টগ্রাম বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কক্সবাজারে জুলাই যোদ্ধা খোরশেদ হত্যায় মূল অভিযুক্ত তারেক গ্রেপ্তার

কক্সবাজারে জুলাই যোদ্ধা খোরশেদ হত্যায় মূল অভিযুক্ত তারেক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

২৫ মার্চ, ২০২৬ | ২:৪৭ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় জুলাই যোদ্ধা খোরশেদ আলম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৫ মার্চ) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কক্সবাজার সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতকদের ধরতে অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির কারিগরি সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক তারেকের অবস্থান নিশ্চিত করা হয়। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তারিন নামে এক নারী সমন্বয়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর সংলগ্ন বালিকা মাদ্রাসা এলাকায় খোরশেদ আলমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদ শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের সক্রিয় কর্মী ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ রয়েছে, তা নিশ্চিত হতে গ্রেপ্তার তারেক ও হেফাজতে থাকা তারিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট