
চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় পিছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহতরা হলেন- দোহাজারীর দাশ পাড়ার বাবুল দে (৬৫), রঞ্জিত ধর (৫৫)। আহতরা হলেন- দিলীপ মল্লিক (৬২), টিকলু বিশ্বাস (৪০) প্রাইভেটকারের যাত্রী মো. রিয়াদ (৪০), জেরিন আফরোজ (৬৫), মো. এহসান (৪০), মশিউর রহমান (৪৩)।
বুধবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিসহ আরও দুই ব্যক্তি দোহাজারীর দিকে যাওয়ার জন্য মহাসড়কের ওপর দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠার পরপরই পিছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সকলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সালাউদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত গাড়ি ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।
পূর্বকোণ/পিআর