চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

২৪ মার্চ, ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ণ

২৫ মার্চের ভয়াল ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনন্য ভূমিকা পালন করেছিল।

 

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এই বাণীতে তিনি শহীদদের অসামান্য অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

 

রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী ও অগণিত নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংসতায় পুরো জাতি যখন স্তব্ধ, ঠিক তখনই চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী মানুষকে অসীম সাহসী করে তোলে। এর মাধ্যমেই শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যা লাখো প্রাণের বিনিময়ে গৌরবময় বিজয় বয়ে আনে।

 

বাণীতে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে ইতিহাসের এই বর্বরতা ও বীরত্বগাথা সম্পর্কে স্পষ্টভাবে অবহিত হওয়ার আহ্বান জানান। তিনি শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ার ওপর জোর দেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার বর্তমানে একটি বৈষম্যহীন, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট