চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২৪ মার্চ, ২০২৬ | ৭:২৩ অপরাহ্ণ

মালদ্বীপের মালেতে আজ মঙ্গলবার (২৪ মার্চ) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোনানের নৈপুণ্যে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে লাল সবুজদের প্রতিনিধিরা। দলের হয়ে অভিষেকেই জোড়া গোল করে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল মার্ক কক্সের শিষ্যরা।

 

পুরো প্রথমার্ধজুড়ে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি বাংলাদেশ। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই খোলস ছেড়ে বেরিয়ে আসে যুবারা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দলে নতুন যোগ দেওয়া প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। তার সঙ্গে ইব্রাহিম নেওয়াজ, মোরশেদ আলী ও ডেকলান সুলিভানরা পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন।

 

অনেক প্রচেষ্টার পর ম্যাচের ৫৪ মিনিটে দারুণ এক ফ্রি-কিক শট থেকে বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন রোনান সুলিভান। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বয়সভিত্তিক দলের হয়ে খেলা এ ফরোয়ার্ড। তার এই দর্শনীয় গোলটি স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি সমর্থকদের উল্লাসে ভাসানোর পাশাপাশি দলকে মানসিকভাবে অনেক এগিয়ে দেয়।

 

৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন মো. মুর্শেদ আলী। ৬১ মিনিটে ডি-বক্স থেকে হেডে বাংলাদেশের জালে বল জড়িয়েছিল পাকিস্তান। তবে গোলরক্ষককে ফাউল করায় গোল বাতিল করে দেন ম্যাচ রেফারি। ৬৫ মিনিটে ডি-বক্স থেকে নেয়া মুর্শেদ আলীর নিচু শট পোস্ট ঘেষে বাইরে চলে যায়। ম্যাচের ৬৭ মিনিটে সতীর্থ শেখ সংগ্রামের বাড়ানো দারুণ এক লং পাস থেকে দুর্দান্ত হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন রোনান।

 

রোনানের জোড়া গোলের পর পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ম্যাচের বাকিটা সময়ও ছিল বাংলাদেশের একচেটিয়া আধিপত্য। বলের দখল নিজেদের পায়ে রেখে পাকিস্তানকে নিজেদের অর্ধে ঢুকতেই দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। নির্ধারিত ৯০ মিনিটের পর ৭ মিনিট যোগ করা সময় দেওয়া হলেও ম্যাচে ফেরার কোনো সুযোগই তৈরি করতে পারেনি পাকিস্তান।

 

‘বি’ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তানের অপর প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আগামী ২৮ মার্চ গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে আজকের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ৩ পয়েন্ট পাওয়ায় সেমিফাইনালে যাওয়ার পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

পূর্চবকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন