
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া আমাদের কাছে মানবপাচারসহ মোট ৫টি মামলার তথ্য রয়েছে তার বিরুদ্ধে।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন ২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন।
২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার করে পাঠানো হয়েছিল। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্বে রাখে।
২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন।
সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি জনশক্তি রফতানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন।
পূর্বকোণ/এএইচ