চট্টগ্রাম সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

লিগ খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশি ক্রিকেটাররা

লিগ খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশি ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক

২৩ মার্চ, ২০২৬ | ৬:২৭ অপরাহ্ণ

ঈদুল ফিতরের ছুটি শেষ হতেই নতুন মিশনে নামলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন একাধিক ক্রিকেটার।

আজ সোমবার (২৩ মার্চ) পাকিস্তানের উদ্দেশে রওনা হন তারা।

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা যাত্রাপথের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনকে বিমানে দেখা যায়। ছবিটির ক্যাপশন ছিল, ‘ঈদ শেষ’।

ঈদের ছুটি শেষে বাংলাদেশ জাতীয় দলের বাকি সদস্যরা যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন, সেখানে পিএসএলে খেলার সুযোগ পাওয়া ছয় ক্রিকেটারকে চলতে হবে ভিন্ন সূচিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিএসএলে অংশ নিতে ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তারা হলেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) এবং রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত তারা পিএসএলে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশের সামনে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম সিরিজ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। এরপর ২৭, ২৯ এপ্রিল ও ২ মে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ২৭ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট