চট্টগ্রাম সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

নেতাকর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল

নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

২৩ মার্চ, ২০২৬ | ৫:৩০ অপরাহ্ণ

বিএনপি নেতা-কর্মীরা যেন ঠিক রাস্তায় চলে সেজন্য তাদের পেছনে রাডার ফিট করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন এলাকায় নেহা নদী খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি চাই, বিএনপি নেতারা যেন ঠিক রাস্তায় চলে। আমি কিন্তু তাদের পেছনে রাডার ফিট করে দিয়েছি। সেই রাডার সব জায়গায় ঘুরছে। কে কী করছে, আমি সব জেনে যাব। কাউকে ক্ষমা করব না। পরিষ্কার কথা, নেতৃত্ব যাবে, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কদিন আগে দিনাজপুরের কাহারোলে এসেছিলেন। সেখানে তিনি এসেছিলেন খাল কাটতে। এই খাল কাটা তার বাবা শুরু করেছিলেন ১৯৭৬ সালের দিকে। খাল কাটা যদি অব্যাহত থাকত, তাহলে আমাদের পানির সমস্যা থাকত না। আমরা এই এলাকার মানুষ খুব পানি সমস্যায় থাকি।’

মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের আগে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে একটা হলো, কৃষকেরা ঋণগ্রস্ত হয়ে যান। অনেকে ব্যাংক থেকে লোন নেন, শোধ করতে পারেন না। সেই অবস্থার পরিবর্তন করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় এসে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছিলেন। একইভাবে তারেক রহমান সেই কাজগুলো করছেন, যা কৃষকদের সাহায্য করবে। তিনি শুধু ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করেননি, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও করেছেন।’

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন প্রমুখ।

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট