চট্টগ্রাম সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ব্যাংকে হাজার কোটি টাকা ঋণ চাওয়া ‘প্রধানমন্ত্রীর ভুয়া উপদেষ্টা’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২২ মার্চ, ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ পাতা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তার কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেছে ডিএমপি।

 

পুলিশ বলছে, আরিফ মাঈনুদ্দিন নামে ৫০ বছর বয়সি ওই ব্যক্তি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন। সেখানে লেখেন, গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।

সেই প্রজ্ঞাপন তিনি সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠান। ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করেন। পুলিশের বিভিন্ন দপ্তরের কাছে আর্থিক সুবিধা চান, তাকে অফিস সরবরাহ করতে বলেন। সুবিধা চেয়ে চিঠি লেখেন দুদকের কাছেও। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি লিখে এক হাজার কোটি টাকা ঋণ চান।

 

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এসব কথা তুলে ধরেন।

 

তিনি বলেন, “আরিফ মাঈনুদ্দিন বিভিন্ন ধরনের প্রতারণায় লিপ্ত। এই প্রতারক ভুয়া কাগজপত্র, ভিজিটিং কার্ড বিভিন্ন লোকের কাছে ও বিভিন্ন দপ্তরে পাঠাচ্ছে। তার মোবাইল যাচাই করে এমন অসংখ্য প্রতারণার তথ্য পাওয়া গেছে।

“তার মোবাইল ফরেনসিকের পর আরও কার কার সঙ্গে প্রতারণা করেছে সে বিষয়ে জানা যাবে। সে অনুযায়ী আমরা ভিকটিমদেরকে নক করব। এর বাইরেও তার কাছে প্রতারণার শিকার হয়ে কেউ আইনি সহায়তা চাইলে সহায়তা করব।”

 

তার বিরুদ্ধে আগের একটি সাইবার অপরাধের মামলায় চার বছরের সাজা হয়েছিল, যেটির বিষয়ে খোঁজখবর নেওয়ার কথাও বলেছেন অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

 

পুলিশ বলছে, আরিফ মাঈনুদ্দিন ‘গুম কল্যাণ ট্রাস্টের’ সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ের মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

সংবাদ সম্মেলনে ঈদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের কিছু সদস্য ছুটিতে গেছে, তারপরেও যেটুকু দরকার ব্যবস্থা নিয়েছি।এখনো খুব বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমরা ভালোভাবে পার করেছি।”

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট