
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে সৈকতে ১৬টি অলিভ রিডলে কচ্ছপ একদিনে ১ হাজার ৭৩৩ ডিম দিয়েছে। ডিম ছেড়ে তারা আবার সাগরে নেমে যায়। রবিবার (২২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বীপের কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের আওতায় দ্বীপের উপকূলের সৈকতে স্থাপিত পাঁচটি হ্যাচারির মাধ্যমে ডিমগুলো সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কমিউনিটি লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের উখিয়া-টেকনাফে দায়িত্বরত লিয়াকত আলী জানান, সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ নয়, পুরো সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার একটি অপরিহার্য পদক্ষেপ। সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হয়ে আমাদের সমুদ্র ও প্রকৃতিকে সুরক্ষিত রাখতে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, চলতি মৌসুমে এ পর্যন্ত ১১৬টি কচ্ছপ থেকে ১৩ হাজার ৯০০টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ৫৫০টি কচ্ছপের বাচ্চা সফলভাবে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
পূর্বকোণ/আরআর