
চট্টগ্রামের লোহাগাড়ায় বাইক থেকে ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ ইশফাত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় অপর আরোহী মো. রাফি (১৮) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইশফাত উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার মো. তৈয়বের ছেলে। আহত মো. রাফি একই এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধুনগর স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী সড়কের উপর ছিটকে পড়ে। এসময় অপরদিক থেকে আসা কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর