
চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদুল ফিতরের আগের দিন চাঁদরাতে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত মিজানুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান (২৬)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হাতিয়ারকুল এলাকার হযরত মদন মৌলভী বাড়ির মৃত মাওলানা আবদুর রহিমের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মিজান চট্টগ্রাম নগরীতে হকারের ব্যবসা করতো। চাঁদরাতে মিজান তার স্ত্রী ও দুই বাচ্চাসহ লোহাগাড়া আমিরাবাদ এলাকা থেকে ঈদ শপিং করে বাড়ি ফেরার পথে গারাংগিয়া গ্রামের হাতিয়ারপুল বাজারের পর সড়কে মুখোশ পরিহিত একদল লোক মিজানকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর রাত আনুমানিক ১টার সময় বাড়িতে খবর আসে, ইউনিয়নের বোর্ড অফিসের দক্ষিণ পাশে একটি ব্যাংকের সামনে তার রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দীন মিজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো, আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, পূর্ব বিরোধের জেরে মিজানুর রহমানের হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার দিন নিহতের সাথে থাকা তার স্ত্রী তার স্বামীর হত্যার সাথে জড়িত দু’জনকে চিনতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে রয়েছে।
পূর্বকোণ/পিআর