
চট্টগ্রামের পটিয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শনিবার (২১ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অলক গুহ বলেন, ‘দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এছাড়া আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পটিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার মোস্তাফিজ বলেন, ‘দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের পরিচয় পাওয়া যায়নি।’
পূর্বকোণ/পিআর