চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কক্সবাজারে তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে ফিলিং স্টেশনে তাণ্ডব, ইটভাটার মালিক আটক

কক্সবাজারে তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে ফিলিং স্টেশনে তাণ্ডব, ইটভাটার মালিক আটক

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৬ | ১১:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুর একটি ফিলিং স্টেশনে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে কর্মচারীকে মারধর ও তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার লাইসেন্স করা শটগানটিও পুলিশ জব্দ করে। বিকে আজম ‘বি কে আজম ব্রিকফিল্ড’ নামের স্থানীয় একটি ইটভাটার মালিক। 

 

বুধবার (১৮ মার্চ) গভীর রাতে রামুর একটি বাড়িতে অভিযান চালিয়ে বি কে আজমকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, অস্ত্র উঁচিয়ে ফিলিং স্টেশন কর্মচারীকে মারধর ও তাণ্ডব চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে ইটভাটা মালিক বি কে আজমকে আটক করে। একই সঙ্গে তাঁর লাইসেন্স করা শটগানটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এশিয়া পেট্রলপাম্পের ব্যবস্থাপক নুরুল হক বলেন, মঙ্গলবার বিকেলে ব্যবসায়ী বি কে আজম একটি প্রাইভেটকার নিয়ে ফিলিং স্টেশনে এসে অতিরিক্ত জ্বালানি চেয়ে বসেন। স্টেশনের কর্মচারী জ্বালানি–সংকটের কথা উল্লেখ করে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিতে অনুরোধ করেন। তখন ক্ষিপ্ত হয়ে তিনি ওই কর্মচারীকে মারধর শুরু করেন। এ সময় ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত জ্বালানি নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে প্রাইভেটকার থেকে নিজের লাইসেন্স করা শটগান বের করে কর্মচারীদের গুলি করতে উদ্যত হন তিনি। অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালান, যা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ছিল। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগেরমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট