
রাঙামাটির কাপ্তাইয়ের কলাবাগান এলাকায় দুইটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডটি কেপিএমের অবসরপ্রাপ্ত কর্মচারী কামরুল আমিনের মেয়ের বসতঘরে সংঘটিত হয়। পরে আগুন পাশের আরেকটি বসতঘরে ছড়িয়ে পড়লে সেটিও পুড়ে যায়। ঘটনার সময় কামরুল আমিনের মেয়ের পরিবারের সদস্যরা ঈদের কেনাকাটা করতে ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানিয়েছেন, আগুনে পুড়ে আনুমানিক আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এবং কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হোসেন জহিরকে ঘটনাস্থলে পাঠান।
মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
পূর্বকোণ/সিজান