চট্টগ্রাম বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ঈদে ঘরমুখো নগরবাসীর নিরাপত্তায় পুলিশের ১৯ নির্দেশনা

ঈদে ঘরমুখো নগরবাসীর নিরাপত্তায় পুলিশের ১৯ নির্দেশনা

অনলাইন ডেস্ক

১৭ মার্চ, ২০২৬ | ৯:২৭ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। ঈদের ছুটিতে প্রতি বছরই বন্দরনগরী চট্টগ্রাম হয়ে পড়ে জনশূন্য। আর এই সুযোগটিই নিতে চায় অপরাধী চক্র। তাই নগরবাসীর অনুপস্থিতিতে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় ১৯ দফার বিশেষ নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি।

 

আজ মঙ্গলবার সিএমপি’র ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এসব নির্দেশনায় বলা হয়েছে, বাসা ত্যাগের আগে প্রধান দরজায় উন্নতমানের অতিরিক্ত তালা ব্যবহার করতে হবে। ঘরে কোনো নগদ অর্থ, স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী রেখে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । আধুনিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেম সচল রাখার ওপর জোর দিয়েছে নগর পুলিশ।

 

ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যাংক-বিমার ভল্ট এলাকায় সিসিটিভি কাভারেজ নিশ্চিত করতে এবং একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করতে বলা হয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানের সকল কর্মীকে একসাথে ছুটি না দিয়ে একটি অংশকে পাহারায় রাখার পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

 

নিরাপত্তার স্বার্থে ভবনের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখা এবং জানালার পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে যাতে অপরাধীরা তা ব্যবহার করতে না পারে। বাসা ত্যাগের আগে ভাড়াটিয়াদের অবশ্যই বাড়ির মালিককে অবহিত করতে হবে এবং প্রয়োজনে স্থানীয় বিট অফিসার বা থানাকে জানাতে হবে।

 

শুধু ঘরবাড়ি নয়, পথে ভ্রমণের ক্ষেত্রেও দেওয়া হয়েছে সতর্কতা। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা থেকে বাঁচতে অপরিচিত যাত্রীর দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি, ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং না করতেও অনুরোধ করেছে সিএমপি।

 

যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। পুলিশ ও জনগণের সম্মিলিত সচেতনতাই পারে একটি নিরাপদ ও আনন্দময় ঈদ উপহার দিতে।

 

জরুরি যোগাযোগ: সিএমপি কন্ট্রোল হটলাইন: ০১৩২০-০৫৭৯৯৮; ০১৩২০-০৫৭৯৯৯

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট