
চট্টগ্রামের আনোয়ারায় একটি সরকারি আশ্রয় প্রকল্পের ঘর থেকে মা ও তার দেড় বছর বয়সী কন্যাসন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের দেয়াং বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সুমি আক্তার (২৮) এবং তার ১৮ মাস বয়সী মেয়ে ওয়াসিহা। তারা স্বামী মোহাম্মদ মিজানের সাথে ওই আশ্রয় প্রকল্পের ঘরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রীস ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ইউপি সদস্য জানান, নিহতের স্বামী মিজানের কাছ থেকেই তিনি প্রথম খবরটি পান। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধোঁয়াশা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা। সুমি আক্তারের বড় বোন বেবি আক্তার অভিযোগ করে বলেন, “আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।”
তিনি আরও জানান যে, বিয়ের পর থেকেই সুমি তার স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।
পূর্বকোণ/সিজান/পারভেজ