চট্টগ্রাম সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে অবৈধভাবে বালু সংগ্রহ, পাহাড় ধসে একজনের মৃত্যু

মিরসরাইয়ে অবৈধভাবে বালু সংগ্রহ, পাহাড় ধসে একজনের মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে অবৈধভাবে বালু সংগ্রহের সময় বালুচাপায় জামশেদ আলম (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত জামশেদ উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার মৃত আলি আকবরের ছেলে।

 

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে দক্ষিণ অলিনগরের পাশের এলাকা সাইবেনিখীল ছড়ার কূলে এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামশেদ আলম পেশায় একজন লাইটিং মিস্ত্রী ও বাবুর্চি হলেও মাঝে মাঝে শ্রমিক নিয়ে পাহাড় কেটে বালু সংগ্রহ ও বিক্রি করতেন। সোমবার সকালে কয়েকজন শ্রমিকসহ বালু সংগ্রহের কাজে গেলে হঠাৎ পাহাড় ধসে তিনি বালুচাপা পড়েন।

 

নিহত জামশেদ আলমের ভাগ্নে ফখরুল ইসলাম জানান, পাহাড় ধসে মামা আটকা পড়ার খবর পেয়ে তিনি স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বাইয়ারহাট পৌরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, তবে হাসপাতালে নেওয়ার পথেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

 

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পাহাড় কেটে বালু সংগ্রহের সময় পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে এবং নিহতের বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট