
মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর পর্যন্ত গত ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে মোট ২৪ টি ফ্লাইট।
আকাশসীমা বন্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে আকাশপথে পণ্য পরিবহনেও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে।
আজ বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার ১১ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯টিতে। এর মধ্যে সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল গত ২ মার্চ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,পরিস্থিতি অনুকূলে এলে এয়ারলাইনসগুলো পুনরায় ফ্লাইট চালু করবে।
পূর্বকোণ/পারভেজ