
চট্টগ্রামের মিরসরাই পৌরসভার পশ্চিম মিরসরাই (বটতলা) এলাকার একটি গ্যারেজ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা চুরির মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোররাতে চুরির এই ঘটনা ঘটলেও একই দিন সন্ধ্যায় গাড়ি দুটি প্রকৃত মালিকের হাতে ফিরে আসে।
গ্যারেজ মালিক শহিদুল ইসলাম জানান, সোমবার সেহরির সময় তিনি দোকানে গিয়ে দেখেন দোকানের তালা ভাঙা এবং সাটার খোলা । ভেতরে ঢুকে তিনি দেখতে পান তার দুটি অটোরিকশা নেই। তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি।
চুরি হওয়া গাড়ি দুটি বিক্রির উদ্দেশ্যে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক দোকানদারের কাছে অটোরিকশা দুটি বিক্রির চেষ্টা করলে বিক্রেতার আচরণে তার সন্দেহ হয়। ওই দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, সন্দেহ হওয়ায় তিনি গাড়ির বডিতে থাকা একটি মোবাইল নম্বরে ফোন দেন এবং প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করেন। ফোনের মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে গাড়ি দুটি মিরসরাই থেকে চুরি করা হয়েছে।
গাড়ি নিয়ে আসা ব্যক্তিকে স্থানীয়রা আটকে রাখলে সে স্বীকার করে যে, এমরান নামের এক ব্যক্তি তাকে এই চুরির কাজে সহায়তা করেছে। তবে মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা চোরকে মারধর করে ছেড়ে দেয়। সোমবার সন্ধ্যায় মূল মালিকের কাছে অটোরিকশা দুটি হস্তান্তর করা হয়।
এই বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, তিনি ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিয়েছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি আরও জানান, চুরির সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ