চট্টগ্রাম রবিবার, ০৮ মার্চ, ২০২৬

নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

অনলাইন ডেস্ক

৮ মার্চ, ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

 

রবিবার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের আবেদন করেন। 

 

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। 

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন।

 

বাদী তার অভিযোগে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় তিনি বিভন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে বাদী দেখেন নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। 

 

অভিযোগে আরও বলা হয়, ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিয়ে নাম্বার ওয়ান গর্ডফাদার মির্জা আব্বাস’—এই বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। 

 

মামলার আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির আবেদনও করা হয়েছে। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট