
কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বুধবার (৪ মার্চ) বিকেলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পান বাজার এলাকায় আব্দুর রহমানের ভাড়া বাসায় অভিযান চালানো হয়, যেখানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি খোসা, একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুটি ফোল্ডিং স্টিলের ছুরি, তিনটি বিশেষ ধরনের ধারালো আংটি এবং চারটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়।
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ