
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই অভিযানে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (টমটম) জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন অভিযানের এই তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ৪টার দিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল টেকনাফ থানার জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে টেকনাফ কোস্ট গার্ডের অপর একটি দল মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ শহীদ হোসেন (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন হাজমপাড়া এলাকার মৃত মমতাজ মিয়ার পুত্র।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ