
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া থানাধীন রানীরহাট এলাকায় এক সিএনজি অটোরিকশা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে রানীরহাট বাজারের সিএনজি স্টেশনে ভাড়া নিয়ে সামান্য কথা কাটাকাটির জেরে নাজিম উদ্দিন মাইকেল নামের এক ব্যক্তি মুহাম্মদ হাকিম, মুহাম্মদ মামুন ও নাছেরের ওপর অতর্কিত হামলা চালান। এই হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা রানীরহাট চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কের ওপর অবস্থান নেন।
অবরোধ চলাকালে সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খোকন বলেন, সড়কে চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চাই।
অবরোধের কারণে চট্টগ্রাম ও রাঙামাটি অভিমুখী সকল প্রকার বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন দীর্ঘ দুই ঘণ্টা আটকা পড়ে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা যায়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলে হামলার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল ৩টায় শ্রমিকরা অবরোধ তুলে নেন।
অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল পুনরায় শুরু হলেও দীর্ঘ জ্যামের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগে। বর্তমানে সড়কের পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ