
চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রী বেশে এক মোটরসাইকেল চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ভূজপুর থানার দাঁতমারা বাজার এলাকা থেকে মো. আজম উদ্দিন (২৫) নামের ওই যুবককে অপহরণ করা হয়।
অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
অপহৃত আজম ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তোফায়েল আহমদের ছেলে।
তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এই ঘটনায় আজমের ছোট ভাই মিজানুর রহমান ইমন বাদী হয়ে ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অপহৃত আজমের ভাই মূসা বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে দাঁতমারা বাজার থেকে একজন যাত্রী নিয়ে আজম খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির উদ্দেশ্যে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। সারাদিন আমরা যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু ফোন বন্ধ ছিল।
রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ আজমের নম্বর থেকেই আমাদের কাছে ফোন আসে। ফোনে জানায়, তারা আমার ভাইকে জিম্মি করে রেখেছে। তাকে ছাড়িয়ে নিতে ১০ লাখ টাকা দিতে হবে বলে জানানো হয়। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দেয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আমরা নিখোঁজের জিডি পেয়েছি। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণকারীদের শনাক্ত করতে আমরা কাজ করছি।
পূর্বকোণ/এএইচ