
বাহরাইনে ক্ষেপণাস্ত্রে নিহত বাংলাদেশি প্রবাসী আবুল মহসিনের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাসভবনে ছুটে গেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
মঙ্গলবার (৩ মার্চ) এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা।
সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৩:৩০ মিনিটের দিকে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ডিউটিরত অবস্থায় এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন আবুল মহসিন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তাঁর মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পরিদর্শনকালে সংসদ সদস্য সাঈদ আল নোমান নিহতের একমাত্র মেয়ে তাসনিম তামান্নার সঙ্গে কথা বলেন এবং তাঁর খোঁজখবর নেন।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে তামান্নার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছেন এবং যথাযথ মর্যাদায় মরদেহ দেশে আনার সব ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
সাঈদ আল নোমান বলেন, “প্রবাসে কর্মরত আমাদের ভাইয়েরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের ঘামে ও রক্তে অর্জিত রেমিট্যান্স আমাদের উন্নয়নকে গতিশীল করছে। প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব”।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা মহসিনের পরিবারের পাশে দাঁড়িয়েছি। মহানগর বিএনপির পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে এই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি।
এ সময় স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুম আবুল মহসিনের স্বজনরা উপস্থিত ছিলেন। শোকসন্তপ্ত পরিবারটি এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ