চট্টগ্রাম বুধবার, ০৪ মার্চ, ২০২৬

বালু ব্যবসার হাতবদল হয়েছে, এবার স্থায়ী বন্ধের পালা: হুমাম কাদের

বালু ব্যবসার হাতবদল হয়েছে, এবার স্থায়ী বন্ধের পালা: হুমাম কাদের

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী নদী থেকে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা আইন শৃঙ্খলা মাসিক সভা ও নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

 

হুমাম কাদের চৌধুরী বলেন, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা তাঁর একটি নির্বাচনী অঙ্গীকার এবং এটি বাস্তবায়নে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন যে, গায়ের জোরে নয়, বরং সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।

 

পূর্ববর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছর যারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল এবং গত ১৮ মাস যারা এই ব্যবসা দেখভাল করেছে, তাদের সময়ে কার্যক্রম মোটেও বন্ধ হয়নি, বরং কেবল মালিকানার হাতবদল হয়েছে।

 

তিনি আরও উল্লেখ করেন যে, বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হলে তা রাঙ্গুনিয়ার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।

 

এছাড়াও সভায় পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী সামশুল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী এবং উপজেলা নদী রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট