চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মহেশখালী থেকে অস্ত্র পাচারকালে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

মহেশখালী থেকে অস্ত্র পাচারকালে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ৯:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী থেকে বিশেষ কায়দায় কোমরে বেঁধে অস্ত্র পাচারের সময় মোহাম্মদ ওমর ফারুক (৩৬) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

গত ২ মার্চ (সোমবার) বিকেলে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী জেটিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ই এর বাসিন্দা এবং তিনি ওই ক্যাম্পের মোহাম্মদ ইউসুফ ও ছফুরা খাতুনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে ওমর ফারুক উখিয়া থেকে রওনা হয়ে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাট দিয়ে স্পিডবোটে করে মহেশখালী পৌঁছান। সেখানে এক নারীর কাছ থেকে তিনি দুটি আগ্নেয়াস্ত্র গ্রহণ করেন। অস্ত্রগুলো নিয়ে তিনি পাহাড়ের গহিন জঙ্গলে যান এবং নিজের কোমরের সঙ্গে বিশেষ কায়দায় বেঁধে ফেলেন। দুপুর ২টার দিকে তিনি মহেশখালী থেকে পুনরায় নৌপথে রওনা হন এবং বিকেল সাড়ে ৩টার দিকে চৌফলদণ্ডী জেটিঘাটে পৌঁছান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার করেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক মহেশখালীর এক নারীর কাছ থেকে অস্ত্র সংগ্রহের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

কক্সবাজার সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সাগর দে জানান, এই অস্ত্র পাচার চক্রের নেপথ্যে থাকা অন্যান্য সদস্য এবং ওই নারীর পরিচয় শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট