চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জীবনযুদ্ধে হার মানলেন আবু তাহের: ময়নাতদন্ত শেষে মরদেহ ফিরছে কক্সবাজারে

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ

জীবনযুদ্ধে হার মানলেন আবু তাহের: ময়নাতদন্ত শেষে মরদেহ ফিরছে কক্সবাজারে

কক্সবাজার সংবাদদাতা

২ মার্চ, ২০২৬ | ৭:২১ অপরাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলীতে এলপিজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ সিএনজি অটোরিকশাচালক আবু তাহেরের (৪৫) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

 

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ময়নাতদন্ত শেষে সোমবার (২ মার্চ) দুপুরে মরদেহ নিয়ে স্বজনরা কক্সবাজারের পথে রওনা হয়েছেন। আজ রাতেই তাঁর মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

 

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কলাতলীর এন আলম এলপিজি স্টেশনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন আবু তাহের। তাঁর শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে কক্সবাজার সদর ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

নিহত আবু তাহেরের বড় ছেলে মো. সোহেল জানান, আগামীকাল মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার।

 

ময়নাতদন্ত ছাড়া আবু তাহেরের লাশ দাফন করার চেষ্টা করেছিলো ফিলিং স্টেশনের মালিকের এন আলম ও তার অন্যতম সহযোগী বিএনপি নেতা নাছির উদ্দীন। তবে রাষ্ট্রীয় বিষয়ে কোন ধরনের অবৈধ অনুরোধ না করার নিষেধ করেন কক্সবাজার সদর থানার ওসি ছমিউদ্দিন৷

 

২৫ ফেব্রুয়ারি রাতের ওই অগ্নিকাণ্ডে আবু তাহেরসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছিলেন। এই ঘটনার পর জনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন ও ত্রুটিপূর্ণ এলপিজি স্টেশন স্থাপন নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট