চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বাহরাইনে ইরানি হামলায় সন্দ্বীপ প্রবাসী নিহত, আহত ১

বাহরাইনে ইরানি হামলায় সন্দ্বীপ প্রবাসী নিহত, আহত ১

সন্দ্বীপ সংবাদদাতা

২ মার্চ, ২০২৬ | ২:০৪ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. তারেক (৪৮) সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের আজিমপুর পাহাড় এলাকার গো মসজিদ বাড়ির বাসিন্দা। একই ঘটনায় নাজিম (৪৫) নামে আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

 

নিহতের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। তিনি সেখানে একটি ড্রাইডক/শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার ভোরে ডিউটিরত অবস্থায় হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় আজিম নামেও একজন আহত হয়েছেন। আহত নাজিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডকের পাশেই যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি ছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল ওই নৌঘাঁটি। প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়া একটি ক্ষেপণাস্ত্রের টুকরো এসে তারেকের গায়ে আঘাত হানে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

মো. তারেকের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার একমাত্র মেয়ে বর্তমানে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট