
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদকে সমাজের একজন নীরব সংস্কারক ও গুণী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন বিশিষ্টজনরা।
বক্তারা বলেন, তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, বরং তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।
রবিবার (১ মার্চ) বিকেলে রাউজান উপজেলা সদরের রাঙ্গামাটি মহাসড়কস্থ কুইন প্যালেসে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে এই স্মরণ সভা, পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।
সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি ও সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা বিএনপি নেতা মাস্টার আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উপজেলা জামায়াতের আমির শাহজাহান মনজুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মরহুমের পুত্র এডভোকেট এস.এম. সাকিব বিন সরোয়ার এবং রাউজান প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে রাউজানের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে সরোয়ার উদ্দিন আহমেদের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
পূর্বকোণ/সিজান