চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর বিকল্প নেই: পতেঙ্গায় অর্থমন্ত্রী

সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: পতেঙ্গায় অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:১৪ অপরাহ্ণ

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ট্যাক্স বা কর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

তিনি জানান, বর্তমানের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে কর আদায় বৃদ্ধিই সরকারের প্রধান অগ্রাধিকার।

 

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় একটি প্রস্তাবিত সরকারি হাসপাতালের নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার হলো ট্যাক্স বাড়ানো। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়লে আমাদের অন্যতম লক্ষ্য কর্মসংস্থানও বৃদ্ধি পাবে’। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

এর আগে মন্ত্রী পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় সরকারি হাসপাতাল নির্মাণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

 

পরিদর্শনকালে বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা এবং সদস্য সরফরাজ কাদের রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট