
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছে ইংলিশরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৬৩ রানের লড়াকু ইনিংসে ভর করে পাকিস্তান ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করে করেন বাবর আজম ও ফখর জামান। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড এক পর্যায়ে নিয়মিত উইকেট হারাতে থাকলেও উইকেটের এক প্রান্ত আগলে রাখেন ব্রুক। তিনি মাত্র ৫১ বলে ১০০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।
দলীয় সংগ্রহ যখন জয়ের থেকে মাত্র ১০ রান দূরে, তখন আউট হন সেঞ্চুরিয়ান ব্রুক। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন উইল জ্যাকস। শেষ পর্যন্ত ২ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালের আশা প্রায় ফিকে হয়ে গেল এবং তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে রয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ