চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় হার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় হার

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।  দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত ১১১ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৭৬ রানে। টি–টুয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এত দিন বড় হার ছিল ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে।

 

টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় । যদিও শুরুতে মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়েছিল তারা, তবে চতুর্থ উইকেট জুটিতে ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিসের ৯৭ রানের বিধ্বংসী জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। মিলার ৩৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৩ এবং ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন ।

 

শেষদিকে ট্রিস্টান স্টাবসের ২৪ বলে ৪৪ রানের অপরাজিত ক্যামিওতে ১৮৭ রান তোলে প্রোটিয়ারা। ভারতের পক্ষে জাস্প্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।

 

জবাবে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে পড়ে ভারতীয় ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই ইষাণ কিষাণ এবং পরের ওভারেই তিলক ভার্মা সাজঘরে ফেরেন । অধিনায়ক সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দরও বড় কোনো প্রতিরোধ গড়তে ব্যর্থ হন । শিবাম দুবের ৪২ রান হারের ব্যবধানই কেবল কমিয়েছে । শেষ পর্যন্ত মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস । দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন সর্বোচ্চ ৪টি এবং কেশব মহারাজ ৩টি উইকেট শিকার করেন ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট