চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সাত ইউনিয়ন নিয়ে দশম উপজেলা হচ্ছে ‘মাতামুহুরী’, প্রক্রিয়া শুরু

কক্সবাজার

সাত ইউনিয়ন নিয়ে দশম উপজেলা হচ্ছে ‘মাতামুহুরী’, প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:১১ অপরাহ্ণ

কক্সবাজার জেলার প্রশাসনিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের জনদাবি পূরণ করে চকরিয়া উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে জেলার দশম উপজেলা হিসেবে ‘মাতামুহুরী’ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম প্রশাসনিক সমন্বয় ও নিরীক্ষা সভায় নতুন উপজেলার সীমানা নির্ধারণ এবং প্রশাসনিক বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।

 

প্রস্তাবিত এই নতুন উপজেলাটি চকরিয়ার সাহারবিল, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ঢেমুশিয়া ও বদরখালী ইউনিয়ন নিয়ে গঠিত হবে। প্রায় তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত এই জনপদের নামকরণ করা হয়েছে ২৮৭ কিলোমিটার দীর্ঘ মাতামুহুরী নদীর নামানুসারে। এছাড়া চকরিয়ার মূল প্রশাসনিক কাঠামোর অধীনে উত্তর হারবাং, পহরচাঁদা এবং মালুমঘাট নামে আরও তিনটি নতুন ইউনিয়ন সৃষ্টির প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে।

 

এই উন্নয়ন প্রকল্পের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচারণাকালে দেওয়া তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহের মধ্যেই এই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। উল্লেখ্য, ২০০১ সালে তিনি পেকুয়া উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য নিকার (NICAR)-এর পরবর্তী সভায় উপস্থাপনের জোরালো সম্ভাবনা রয়েছে।

 

মাতামুহুরী উপজেলা বাস্তবায়িত হলে এটি হবে পর্যটন শহর কক্সবাজারের দশম উপজেলা, যা অবহেলিত ও প্রান্তিক অঞ্চলের মানুষের প্রশাসনিক কষ্ট লাঘব করবে। দীর্ঘ ২৫ বছর আগের একটি দাবি এখন রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-দীপনা লক্ষ্য করা গেছে। এর ফলে উপকূলীয় এই অঞ্চলে সরকারি সেবা প্রাপ্তি সহজতর হবে এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট