
বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ অথবা ১৭ বছর পূর্ণ হলেই তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে দেশের ১৬ বছর ও তদুর্ধ্ব বয়সী নাগরিকদের এনআইডির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুধু ১৮ বছর পূর্ণ হলেই এনআইডি কার্ড দেওয়া হতো। কারণ, এনআইডি ও ভোটার তালিকা একই সঙ্গে তৈরি করা হতো।
ইসি এনআইডি অনুবিভাগের কর্মকর্তা জানান, এনআইডি পেলেও ১৮ বছর না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবে না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিতো ইসি।
নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
২০১৫ সালে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে, ১৫ থেকে ১৭ বছর বয়সীদেরও এনআইডি দেওয়া হবে। তখন উদ্দেশ্য ছিল আগাম তথ্য সংগ্রহ করে রাখা যাতে ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে ভোটার হতে পারে।
পূর্বকোণ/পারভেজ