চট্টগ্রাম রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাশিয়ার বৈকাল হ্রদ থেকে ৭ চীনা পর্যটকের মরদেহ উদ্ধার

রাশিয়ার বৈকাল হ্রদ থেকে ৭ চীনা পর্যটকের মরদেহ উদ্ধার

আন্তর্জতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:১৬ অপরাহ্ণ

সাইবেরিয়ার বৈকাল হ্রদ থেকে সাত চীনা পর্যটক ও এক রুশ গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার করেছেন দেশটির ডুবুরিরা। তাদের বহনকারী মাইক্রোবাসটি বরফ আচ্ছাদিত হ্রদটিতে ডুবে গিয়েছিল। রাশিয়ার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

 

এ ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগর কোভজিয়েভ। এর আগে তিনি জানান, একজন চীনা পর্যটক কোনোরকমে বেঁচে আসতে পেরেছেন।

 

বিবিসি জানিয়েছে, গত শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। মাইক্রোবাসটি হ্রদের ১৮ মিটার (৫৯ ফুট) গভীরে তলিয়ে যায়। মৃতদেহগুলো খুঁজতে ডুবুরিদের আন্ডারওয়াটার ক্যামেরা ব্যবহার করতে হয়েছে।

 

টেলিগ্রামে করা এক পোস্টে গভর্নর কোভজিয়েভ জানিয়েছেন, মাইক্রোবাসটি হ্রদের বরফ আচ্ছাদনের তিন মিটার চওড়া একটি ফাটল দিয়ে ভেতরে পড়ে গিয়েছিল। তিনি পর্যটকদের শুধু নিবন্ধিত পেশাদার ট্যুর অপারেটরদের মাধ্যমে সেখানে ভ্রমণে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

 

গভর্নর বলেছেন, আমি আরও একবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এখন বৈকাল হ্রদের বরফে যাওয়া শুধু নিষিদ্ধই নয়, এটি মারাত্মক বিপজ্জনক। তিনি জানান, ১৪ বছর বয়সী এক শিশুসহ ওই চীনা পর্যটকরা নিজেদের মতো করে ভ্রমণ করছিলেন।

 

এই শোচনীয় ঘটনার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।

 

এর কিছুক্ষণ পর কোভজিয়েভ ফের সামাজিক মাধ্যমে আরেকটি পোস্ট দিয়ে বলেন, ‘দুঃখজনকভাবে, এই শোচনীয় ঘটনাও মানুষকে কোনো শিক্ষা দেয়নি।’

 

তিনি জানান, শুক্রবার ও শনিবার পৃথক দুটি ঘটনায় ছয় জনকে তাদের গাড়িতে আটকে পড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

জানুয়ারির শেষ দিকে বৈকাল হ্রদের জমাট বাঁধা পৃষ্ঠে ঘুরতে থাকা একটি গাড়ি উল্টে আরেক চীনা পর্যটকের মৃত্যু হয়েছিল।

 

বৈকাল বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ। এর সর্বোচ্চ গভীরতা ১৬৪২ মিটার (৫৩৮৭ ফুট)। এই হ্রদটি জনপ্রিয় এক পর্যটন গন্তব্য। তীব্র শীতের মধ্যে হ্রদটির পানি প্রায়ই জমাট বেঁধে যায়। গত কয়েক বছরে এ হ্রদটিতে অনেকগুলো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট