চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রোজায় সময় কমল ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনে

রোজায় সময় কমল ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনে

অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

আসন্ন রমজান মাসে ব্যাংকের লেনদেন সময় এক ঘণ্টা এবং পুঁজিবাজারে আধা ঘণ্টা কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রমজান মাসে দেশের ব্যাংকগুলোতে সকাল ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে এবং দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়।

 

দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এই বিরতির সময় ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে’ স্বাভাবিক সময়ের মত লেনদেন অব্যাহত রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

লেনদেন আড়াইটায় শেষ হলেও দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। রোজা ও ঈদ শেষে স্বাভাবিক সময়ে ফিরবে লেনদেন ও দাপ্তরিক সময়।

 

দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, রমজানে লেনদেন যথারীতি ১০টায় শুরু হয়ে ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এর পর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন।

 

ডিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

 

রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে ফিরবে। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। আর অফিসসূচি থাকে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

 

এবছর রোজা শুরুর দিন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাপ্তরিক কাজ করেন সরকারি কর্মীরা।

 

চাঁদ দেখা সাপেক্ষে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট