
বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।
গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টার মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছরে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ১.৬১ কোটি টাকা, যার প্রধান কারণ সঞ্চয়পত্র নগদায়ন এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার। তাঁর মোট সম্পদের মধ্যে আর্থিক সম্পদ ১৪.৭৬ কোটি টাকা এবং বিদেশে রয়েছে ৬৪.৭৩ লাখ টাকার সম্পদ।
বিপরীতে, তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ ১ বছরে প্রায় ৮৪.১৩ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকায়। তাঁর কোনো বিদেশি সম্পদ নেই এবং ১৬.৯৬ লাখ টাকার দায় রয়েছে, যদিও প্রধান উপদেষ্টার কোনো আর্থিক দায় নেই।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে সরকার ‘আয় ও সম্পদ বিবরণী প্রকাশ নীতিমালা, ২০২৪’ জারি করেছে। এই নীতিমালা অনুযায়ী উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের প্রতিবছর তাঁদের ও তাঁদের জীবনসঙ্গীর সম্পদের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের ২১ জন সদস্য এবং বিশেষ সহকারী ও দূতসহ সংশ্লিষ্ট সবার সম্পদের তথ্য জনসমক্ষে আনা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী ‘ন্যায়পাল’ নিয়োগের অধ্যাদেশ প্রণয়নের পরিকল্পনাও রয়েছে সরকারের।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ