চট্টগ্রাম সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

অনলাইন ডেস্ক

৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৬ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে আইসিসি, পিসিবি এবং বিসিবি এক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়।

 

রবিবার (৮ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত এই বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির কাছে তিনটি প্রধান কঠিন শর্ত জুড়ে দিয়েছেন: বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ প্রদান, টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশের প্রাপ্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে একক বা যৌথভাবে আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার বাংলাদেশকে প্রদান করা।

 

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা স্পষ্ট করেছেন যে, আলাদাভাবে ক্ষতিপূরণ দেয়ার নিয়ম না থাকলেও আইসিসির আয়ের পূর্ণ অংশ বা লভ্যাংশ বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হবে। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র ১০ দিন আগে বয়কটের সিদ্ধান্ত জানানোয় আইসিসি পিসিবির কাছে আইনি ব্যাখ্যা চেয়েছে এবং ম্যাচ না হলে বিশাল আর্থিক ক্ষতির পাশাপাশি পাকিস্তানের সদস্যপদ স্থগিত বা বাতিলের ক্ষমতার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছে। অন্যদিকে, পিসিবি মনে করে অতীতের নজির অনুযায়ী তাদের আইনি অবস্থান বেশ শক্ত।

 

বর্তমানে পিসিবি এই প্রস্তাবগুলো নিয়ে পাকিস্তান সরকারের সাথে আলোচনা করবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সবুজ সংকেত পেলে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে খেলার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। মূলত বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েই পাকিস্তান এই কঠোর অবস্থান নিয়েছিল।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট