
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে ফটিকছড়িতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপুর ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ সমাবেশে জোটের শীর্ষস্থানীয়রা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, যার প্রার্থিতা আদালতে ঝুলন্ত রয়েছে এবং যার নির্বাচনী ফলাফল প্রকাশ অনিশ্চিত – এমন কাউকে কি ফটিকছড়ি ও ভূজপুরবাসী ভোট দিতে পারে? আগামী দিনে যে গণজোয়ার ১১ দলীয় জোটের পক্ষে শুরু হয়েছে, তা ঠেকাতে নানা অপপ্রচার, অপকৌশল ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে। আমরা সবাই সজাগ রয়েছি, প্রশাসনও আমাদের পাশে আছে – ইনশাআল্লাহ।
তারা আরও বলেন, ১২ তারিখ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ফটিকছড়ির উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ নুরুল আমিনকে বিজয়ী করতে হবে। নতুন বাংলাদেশ গঠনের পথে আমরা এগিয়ে যাব।
বক্তারা অভিযোগ করেন, ভূজপুরের কয়েকটি কেন্দ্রে সহিংসতা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, প্রতিপক্ষ বহিরাগত সন্ত্রাসী এনে এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
ভূজপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. হাসেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এছাড়াও, ভুজপুর ইউনিয়ন যুব বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. মনসুরুল হাসান জিয়া ও মোহাম্মদ রিপন চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা নায়েবে আমির এডভোকেট ইসমাইল গনি, ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি আবু তাহের, শিক্ষাবিদ মাস্টার হাফিজুর রহমান, ভূজপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মোস্তফা আমীন মানিক এবং ওলামা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পূর্বকোণ/পিআর