চট্টগ্রাম রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ভোটের মাঠে আপনজনের ‘টান’

ভোটের মাঠে আপনজনের ‘টান’

৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৩০ অপরাহ্ণ

গ্রামের উঠোনে নারীদের সামনে কথা বলছিলেন এক নারী। চোখে কালো চশমা, হাতে মাইক। শুরু করলেন তার বক্তব্য-‘আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন। আমাদের এখান থেকে কিছুই নেওয়ার নেই, শুধু দেওয়ার কাজ। আপনাদের সব দাবি আমি নিয়ে যাচ্ছি। তবে ভাবি হিসেবে, বউমা হিসেবে একটাই দাবি আছে-আপনারা হুমাম কাদের চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবেন।’

 

এই বক্তব্যটি কার সেটি নিশ্চয় এতক্ষণে বোঝা হয়ে গেছে সবার। তিনি চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর স্ত্রী শ্যামানজার শ্যামা খান। স্বামীর হয়ে প্রতিদিনই রাঙ্গুনিয়ার অলিগলি, উঠোন-বৈঠকে ঘুরে ভোট চাইছেন।

 

গ্রাম থেকে শহরে চোখ ফেরালেও চিত্রটা আলাদা নয়। পাথরঘাটার গলি ধরে হেঁটে হেঁটে ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছিলেন মধ্যবয়সী এক নারী। নারী ভোটার সামনে পেলেই আপন করে টেনে নিচ্ছেন, কথা বলছেন। হঠাৎ এক তরুণের সামনে পড়েন, কেউ একজন পরিচয় করিয়ে দেন-তিনি একজন গায়ক। তখন হাসিমুখে ওই নারী বলে উঠলেন, ‘আপনাদের পার্থ বড়–য়া তো আমার ক্লাসমেট।’ এই নারী চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন। তবে নির্বাচনের মাঠে তার পরিচয় এখন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের জামায়াত প্রার্থী ডা. একে এম ফজলুল হকের স্ত্রী।

 

শুধু শ্যামানজার শ্যামা খান কিংবা আমেনা শাহীন নন-এমন দৃশ্য এখন চট্টগ্রামের ১৬টি আসনে। প্রার্থীদের পক্ষে স্ত্রী-সন্তান, মা-বাবাসহ পরিবারের সদস্যদের দেখা মিলছে ভোটের মাঠে। ভোটারদের ঘরে ঘরে গিয়ে তারা ভোট চাইছেন। ‘হবু’ এমপির (সংসদ সদস্য) স্বজনদের হাতের কাছে পেয়ে খুশি ভোটাররাও।

 

স্বামীর পাশে স্ত্রী: হাটহাজারীর মেঠোপথ ধরে হেঁটে হেঁটে প্রচারপত্র তুলে দিচ্ছেন নওশীন আরজান চৌধুরী। শুনছেন ভোটারদের সুখ-দুঃখের কথা। তিনি চট্টগ্রাম-৫ আসনের (হাটহাজারী, বায়েজিদ আংশিক) বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের স্ত্রী। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদেরের জন্য মাঠে নেমেছেন তার স্ত্রী মিনা পারভীন কাদের চৌধুরী। চট্টগ্রাম-৪ (সীতাকুÐ) আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে প্রতিদিনই উঠান বৈঠকে সরব তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরীর পক্ষে তার স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে তার স্ত্রী নাজনিন নিজাম, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের দুই স্ত্রী নুুরতাজ বেগম ও শর্মিলী ইয়াছমিনও ব্যস্ত প্রচারণায়। জামায়াতের প্রার্থীদের স্ত্রীরাও পিছিয়ে নেই-চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর পক্ষে তার স্ত্রী ফাহমিনা কাদেরী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জামায়াতের প্রার্থী মো. শফিউল আলমের স্ত্রী বিলকিছ আক্তার নিয়মিত ভোট চাইছেন নারী ভোটারদের কাছে।

 

ছেলের প্রচারণায় মা-বাবা: বিএনপির সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সন্তান মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্য হাটহাজারীর মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে এলডিপির প্রার্থী ওমর ফারুকের পক্ষে মাঠে আছেন বাবা কর্নেল (অব.) অলি আহমদ। ছেলেকে সঙ্গে নিয়ে এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি।

 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পরদিন গত ৪ নভেম্বর থেকে হুমাম কাদের মাঠে নামেন। ওই দিনই কাদের নগরে নিজ বাড়িতে এক অনুষ্ঠানে তাকে রাঙ্গুনিয়াবাসীর ‘হাতে তুলে দেন’ মা ফারহাত কাদের চৌধুরী।

 

বাবার জন্য সন্তানের প্রচারণা: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন তার নির্বাচনী এলাকায়। পাশাপাশি এই সাবেক মন্ত্রীর ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুও ভোটের প্রচারণায় নেমেছেন। বাবার জন্য ভোট চাইছেন তিনি।

 

একইভাবে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদেরের ছেলে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের ছেলে তানজিরুল ইসলাম, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী এনামুল হকের ছেলে আশরাফুল ইসলাম প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামের জন্য প্রচারণা চালাচ্ছেন তার ছেলে শাহওয়াজ জামাল নিজাম। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের জন্য তার ছেলে সাফায়েত হোসেন ও মেয়ে তাবাসসুম নওরিন প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশার প্রচারণায় এলাকায় ব্যস্ত সময় কাটছে তার ছেলে ইকবাল পাশা ও রাশেদ পাশার। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর জন্য তার মেয়ে মেহরীন আনহার উজমা সলিমপুরসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর জন্য প্রচারণা চালাচ্ছেন তার ছেলে আহরার জামান। চট্টগ্রাম-৯ আসনে বাবা ডা. একে এম ফজলুল হকের পক্ষে আসনের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন মেয়ে ডা. জান্নাতুন নাইম হকও।

 

শ্বশুরের পক্ষে পুত্রবধূ: চট্টগ্রাম-১১ আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে মাঠে সরব আছেন পুত্রবধূ সায়েকা কবিরও। তিনি প্রায় প্রতিদিনই আসনের মহল্লা-পাড়ায় গণসংযোগ করছেন। এ সময় তিনি তার শ্বশুরকে ‘সৎ, পরিচ্ছন্ন, নিরহংকারী’ রাজনীতিবিদ উল্লেখ করে ধানের শীষে ভোট চান।

 

প্রার্থীদের স্বজনদের প্রচারণার বিষয়ে বিভিন্ন আসনের ভোটারদের সঙ্গে কথা হয় পূর্বকোণের। প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের দেখা পেয়ে তারা সবাই খুশি। তবে ভোটারদের প্রত্যাশা একটাই-ভোটের আগে যেমন কাছে এসেছেন, ভোটের পরও যেন কাছেই থাকেন!

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট