
সমাজের অবহেলিত এতিম শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তাদের মুখে হাসি ফোটাতে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) ও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘সেন্ড এ লিটল হোপ’ (Send A Little Hope) যৌথভাবে ‘প্রজেক্ট হোপ’ নামক একটি মানবিক প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এতিম শিশুদের যত্ন, মর্যাদা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি নিশ্চিত করা।
এই প্রকল্পের আওতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নির্বাচিত ১০০ জন এতিম শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
শিশুদের খাদ্য, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এক বছর মেয়াদে প্রতি মাসে ৩,৩৬০ টাকা করে প্রদান করা হয়।
অর্থ হস্তান্তরের প্রক্রিয়াটি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে প্রতি মাসে মোট ৩,০০,০০০ টাকা শিশুদের মাঝে বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য যে, এই প্রকল্পটি ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) চট্টগ্রামের আল হুমায়রা মহিলা মাদ্রাসায় ‘Orphankind, orphan support program 2026’ শিরোনামে একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়। এই সেশনে শিশুদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে হাত ধোয়া এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষা দেওয়া হয়।
এছাড়া শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদের মাঝে হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন।
তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই নিষ্পাপ শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে”।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ড এ লিটল হোপ-এর সিইও মুজাহিদুল ইসলাম এবং আশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
আয়োজকদের মতে, সমাজের অবহেলিত এই শিশুদের সহযোগিতায় ‘প্রজেক্ট হোপ’ একটি সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ।
পূর্বকোণ/সিজান/পারভেজ